বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দিতে সতর্কতা

৪ আগষ্ট, ২০১৯ ০০:৪৭  
দেশের বিভিন্ন স্থানে জরিপের নামে মানুষের বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নেয়া হচ্ছে। একটি প্রতারক চক্র এই কাজ করছে। প্রতারকরা এই আঙুলের ছাপ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সরকার কোন এলাকাতেই জরিপের নামে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে না জানিয়ে ডাক টেলিযোগাযোগ বিভাগ এ বিষয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিষয়টি নিয়ে জনসচেতনতা তৈরিতে ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সবাইকে এসএমএস করে বিষয়টিতে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। ওই এসএমএস বার্তায় বিভাগ জানিয়েছে, ‘কোন কোন এলাকায় জরিপের নামে কেউ কেউ বায়োমেট্রিক্স যন্ত্রে আঙুলের ছাপ সংগ্রহ করছে। জরিপের নামে সরকার আঙুলের ছাপ সংগ্রহ করছে না। এই ধরনের আঙুলের ছাপ নিয়ে প্রতারণা ও অপরাধের জন্য ব্যবহৃত হতে পারে। এদেরকে আঙুলের ছাপ দেবেন না।’